জাবিতে দলীয় ছাত্ররাজনীতি বন্ধের বিষয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ পিএম

দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ করে অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ কার্যকরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ ব্যানারে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

পরে বিকেল সোয়া ৪টার দিকে উপাচার্যের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতি বন্ধের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান উপাচার্য।

এ সময় একটি সমাবেশ করেন তারা। সমাবেশে গণিত বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল হাই স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান। আয়ান বলেন, ‘এই উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চেয়ারে বসিয়েছে। কিন্তু শিক্ষার্থীদের দাবি তিনি এখনো মেনে নেননি।’

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

‘সাধারণ শিক্ষার্থীদের কথা না শুনে অংশীজনদের কথা বলছেন। ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে নানা টালবাহানা করে প্রশাসন গড়িমসি করছেন। আপনাকে (উপাচার্য) আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, দ্রুত ছাত্র রাজনীতি বন্ধ করে জাকসু কার্যকর করুন। না হলে শিক্ষার্থীরা আপনাকে যেভাবে চেয়ারে বসিয়েছে ঠিক তেমনি আবার নামাতেও পারবে।’

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহবায়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের যে নয় দফা ছিল তার মধ্যে সাত নাম্বার দফাটি ছিলো সকল ধরনের দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। আমরা এ বিষয়ে ক্যাম্পাসে নানা ধরনের কর্মসূচি দিয়েছি। সকল ধরনের দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধের জন্য পাঁচ হাজার শিক্ষার্থীদের স্বাক্ষরসহ আমরা স্মারকলিপি দিয়েছি প্রশাসনকে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোন  ভ্রুক্ষেপ দেখাচ্ছে না। তাই আমরা আজ বাধ্য হয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। অতিদ্রুত দলীয় লেজুড়বৃত্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে জাকসু নির্বাচনের সকল কার্যক্রম শুরু করতে হবে। না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আগামী সপ্তাহে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনসহ অংশীজনদের নিয়ে একটি উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করব। সভায় সবার মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত