আ.লীগ আগামী ৪২ বছরে ক্ষমতায় আসতে পারবে না: দুলু  

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১১:০০ পিএম

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ মজিবুর রহমানের পতনের পর ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। আর যারা এদেশের ছাত্র-জনতা হত্যা করেছে, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা আগামী ৪২ বছরে ক্ষমতায় যেতে পারবে না। 

তিনি বলেন, শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও দুঃস্বপ্নে বিভোর হয়ে আছে। পাশের দেশে বসে বসে শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফোন করে করে কুবুদ্ধি দিচ্ছেন। চক্রান্ত করার অপচেষ্টা করছেন। অন্তর্বর্তী সরকারের প্রতিটি কাজে বাধা সৃষ্টি করার অপকৌশল করছেন। শেখ হাসিনার কোনও ষড়যন্ত্রই আর কখনো সফল হবে না। 

শনিবার নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী একশ বছরেও দেশের মানুষ আর আওয়ামী লীগকে গ্রহণ করবে না। আওয়ামী লীগ যেকোনও বিষয়ে কোনও বাড়াবাড়ি করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। দেশের মানুষ যাদেরকে একবার দেশ ছাড়া করেছে তাদেরকে আর বাংলাদেশে ঠাই দিবে না। 

শনিবার বিকেলে উত্তরাগণ ভবনের পাশে দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা ও দুলু’র সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত