সুন্দরবনের পশুর নদে ডিঙি নৌকাডুবে নিখোঁজের ৩০ ঘণ্টা পর লোকমান সরদার ওরফে বুলবুলের (১৮) মরদেহ করেছে নৌপুলিশ ও নৌবাহিনী। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদের মোহনায় করমজল ফরেস্ট স্টেশনের কাছ থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সুন্দরবনের তিলডাঙা নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনিট কুমার গায়েন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
লোকমান সরদার ওরফে বুলবুলের বাড়ি খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের রুয়াকাটা গ্রামে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে সুন্দরবনে মাছ শিকার করে বাড়ি ফেরার পথে জেলে নৌকা ডুবে লোকমান সরদার নামের ওই তরুণ নিখোঁজ হন। একই সময়ে ওই এলাকায় দুটি পণ্যবাহী কার্গো জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় লোকমানের পরিবার খুলনার দাকোপ থানায় একটি সাধারণ ডায়েরি করে। গতকাল শনিবার দুপুর থেকে কোস্টগার্ডের একটি ডুবুরি দল লোকমানকে উদ্ধারে অভিযান চালায়।
ওসি সনিট কুমার গায়েন বলেন, ‘নৌকাডুবে নিখোঁজ লোকমানের সন্ধানে গতকাল শনিবার দিনভর কোস্টগার্ডের একটি ডুবুরি দল অভিযান চালায়। পশুর নদে প্রবল স্রোত থাকায় অভিযান ব্যহত হয়। নিখোঁজ লোকমানের পরিবার, নৌবাহিনী, নৌপুলিশ ও কোস্টগার্ড আলাদা আলাদাভাবে পশুর নদে নজরদারি করছিল। আজ সকাল সাড়ে ৮টার দিকে যেখানে ডিঙি নৌকাটি ডুবে গিয়েছিল ওই এলাকায় ভাসমান অবস্থায় লোকমানের মরদেহ পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে তিলডাঙা নৌপুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লোকমানের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
পরাজিত হলে এবারও বিশৃঙ্খলার পরিকল্পনা ট্রাম্পের
বল বিকৃতির অভিযোগে জড়াল ভারত, শাস্তি হতে পারে ইশানের