সাভারে এবার একসঙ্গে চারটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার নামের এক নারী। শনিবার (২ নভেম্বর) ভোরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের জন্ম হয়। বর্তমানে মা এবং নবজাতকরা সুস্থ রয়েছে।
ফারজানা আক্তারের স্বামী মজনু মিয়া বাহরাইন প্রবাসী। তাদের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার মাধুশাইল গ্রামে।
ফারজানা আক্তার বলেন, ‘আমার ১১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তখন স্বাভাবিক প্রসব হয়েছিল। এবার আল্ট্রাসনোগ্রাম করে আগেই জানতে পারি আমি একসঙ্গে তিন সন্তানের মা হচ্ছি। তাই প্রসব ব্যথা উঠলে এক আত্মীয়ের পরামর্শে সাভারে এসে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। পরে জানতে পারি আমি একসঙ্গে চারটি কন্যা সন্তানের মা হয়েছি।’
ফারজানা আক্তার আরও বলেন, ‘একসঙ্গে চার কন্যা সন্তানের মা হতে পেরে আমি খুব খুশি। ওদের বাবা দেশের বাইরে আছেন। তাঁকে ফোনে জানিয়েছি। তিনিও খুশি।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) চিকিৎসক সৈয়দা মারিয়া বলেন, ‘৩৩ সপ্তাহে অস্ত্রোপচারের মাধ্যমে শনিবার ভোরে ফারজানার ৪ কন্যাসন্তানের জন্ম হয়। তাদের ওজন যথাক্রমে ১ কেজি ৩১০ গ্রাম, ১ কেজি ৬৫০ গ্রাম, ১ কেজি ৩৯০ গ্রাম ও ১ কেজি ৪১০ গ্রাম। তারা বর্তমানে সুস্থ রয়েছে। তাদের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে এবং খাবার খাচ্ছে।’
প্রতিবাদ জানাতে কাপড় খুলে বিশ্ববিদ্যালয়ে ঘুরলেন ছাত্রী!
নাফনদীর দুই চর ঘিরে বিস্ফোরণের শব্দ, আতঙ্কে বাসিন্দারা