সেনাবাহিনীর গাড়িতে আগুনের মামলায় গ্রেপ্তার ৫

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৭:৩০ এএম

রাজধানী ঢাকার কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার মামলায় গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাদের কারাগারে পাঠান।

কারাগারে যাওয়া আসামিরা হলেন আলমগীর, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম, কাজী রাসেল ও রেশমা খাতুন।

গত শনিবার সেনাবাহিনীর সদস্যরা  সাঁড়াশি অভিযান পরিচালনা করে ওই পাঁচজনকে রাজধানীর ভাষানটেক ও কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে মাহফুজ মিয়া ও আমিনুল ইসলামকে কাফরুল থানায় হওয়া মামলায় এবং আলমগীর, রেশমা খাতুন ও কাজী রাসেলকে ভাষানটেক থানার হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর ঢাকার কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে।

এ ঘটনায় ভাষানটেক ও কাফরুল থানায় পৃথক এ দুটি মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত