যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটপূর্ব জরিপগুলোয় নির্বাচনে দুই প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল। ভোটগ্রহণ শেষে তাই এবার অপেক্ষা আনুষ্ঠানিক ফলাফলের। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে সব মনোযোগ তাই প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হবেন সেদিকে। কিন্তু নতুন প্রেসিডেন্টের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভোটও অনুষ্ঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সদস্যদেরও নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। সেই সঙ্গে সংসদের উচ্চকক্ষ সিনেটের ৩৪টি আসনেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে যেই জিতুক না কেন নতুন এক রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ডেমোক্র্যাট প্রার্থী কমলা নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে যাবেন তিনি। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জিতলে দ্বিতীয় মেয়াদে রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিই দুই মেয়াদের বেশি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন না। ফলে নির্বাচনে জিতলে এটিই হবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের যাত্রার সমাপ্তি। রিপাবলিকান প্রার্থী হিসেবে জর্জ ডব্লিউ বুশ সবশেষ টানা দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলে কংগ্রেস, যা মূলত দুই কক্ষবিশিষ্ট। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। আর উচ্চকক্ষ হলো সিনেট। প্রতিনিধি পরিষদ ও সিনেটÑ কংগ্রেসের এই দুই কক্ষই আইন প্রণয়ন করে থাকে। একই সঙ্গে হোয়াইট হাউজের কোনো পরিকল্পনা বাস্তবায়নে বাধাও হয়ে দাঁড়াতে পারে কংগ্রেস। ২০২০ সালে নির্বাচনে জয়ের মাধ্যমে জো বাইডেন ও কমলা হ্যারিস সরকার গঠন করলেও, ২০২২ সালের প্রতিনিধি পরিষদের নির্বাচনে রিপাবলিকানদের কাছে সংখ্যাগরিষ্ঠতা হারায় ডেমোক্র্যাটরা। এবারের নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষের ৪৩৫টি আসনের সব কটিতেই ভোট অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে প্রতি দুই বছর পরপর কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের এক-তৃতীয়াংশ আসনে ভোট অনুষ্ঠিত হয়। সে হিসেবে এবার সিনেটের ৩৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। প্রতিনিধি পরিষদের সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হলেও, সিনেট সদস্যরা নির্বাচিত হন ছয় বছরের জন্য। কংগ্রেসের প্রতিনিধি পরিষদে এখন রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা আছে ডেমোক্র্যাটদের। ফলে নির্বাচনে কমলা হ্যারিসের জয়ের পাশাপাশি এবার প্রতিনিধি পরিষদেরও নিয়ন্ত্রণ নিতে চায় ডেমোক্রেটিক পার্টি।
২০১৯ সালে কংগ্রেসের এই প্রতিনিধি পরিষদের কারণেই অভিশংসনের মুখে পড়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ তার বিরুদ্ধে দুটি অভিযোগে সংখ্যাগরিষ্ঠ রায় দেয়। যার একটি হলো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার। অন্য অভিযোগ ছিল কংগ্রেসের কার্যক্রমে বাধা দেওয়া। দুটি অভিযোগের ক্ষেত্রেই অভিশংসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পড়ে প্রতিনিধি পরিষদে। প্রথম অভিযোগের ক্ষেত্রে অভিশংসনের পক্ষে ভোট পড়ে ২৩০টি। দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেও অভিশংসনের পক্ষে পড়েছিল ২২৯ ভোট। নিয়ম অনুযায়ী কোনো প্রেসিডেন্টকে অভিশংসিত করতে হলে প্রতিনিধি পরিষদে ২১৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। তবে প্রতিনিধি পরিষদ অভিশংসিত হলেও, সে যাত্রায় সিনেটে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতার জন্য বেঁচে যান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে অভিশংসিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আগে যুক্তরাষ্ট্রের আরও দুই প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছিলেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।
