যুক্তরাষ্ট্রে নির্বাচনের প্রাক্কালে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একই কথা জানানো হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকেও।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগরীয় কমান্ড জানিয়েছে, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। খতিয়ে দেখছি। তবে আমাদের আশু বিপদের কোনো আশঙ্কা নেই। কয়েক দিন আগেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের নতুন আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা তত্ত্বাবধান করেন। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে গিয়ে আঘাত হানতে সক্ষম। এর জবাবে গত রবিবার দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে বিমান মহড়ায় যোগ দেয় যুক্তরাষ্ট্র। তার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার কিমের বোন কিম ইয়ো জং অভিযোগ করেছেন, পিয়ংইয়ংয়ের প্রতিদ্বন্দ্বীরা আগ্রাসী সামরিক মনোভাব দেখাচ্ছে। ২০২২ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিভিন্ন সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে পিয়ংইয়ং।
