ট্রাম্প-কমলা ছাড়িয়ে মুসলিম ভোটে এগিয়ে জিল স্টেইন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৩০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে ত্রিশ লাখের বেশি মুসলিম ভোটার রয়েছেন। যাদের বেশির ভাগ অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, উত্তর ক্যারোলিনা, পেনসিলভানিয়া এবং উইসকনসিনে বসবাস করেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স, মুসলিম সিভিল রাইট এবং অ্যাডভোকেসি অর্গানাইজেশন কর্র্তৃক প্রকাশিত জরিপ অনুসারে মুসলিম ভোটাররা নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে দিতে পারে। এই জরিপ অনুসারে জনপ্রিয়তার শীর্ষে থাকা ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী কমলা হ্যারিস বা রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলিম ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেননি। বরং মুসলিম ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন গ্রিন পার্টির মনোনীত প্রার্থী জিল স্টেইন। এই জরিপ অনুযায়ী জিল স্টেইন ৪২% মুসলিম ভোট নিয়ে এগিয়ে আছেন। কমলা হ্যারিস ৪১% মুসলিম ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আর ট্রাম্পের অবস্থান একেবারে তলানিতে। তিনি ১০% মুসলিম ভোট নিয়ে সর্বশেষ অবস্থানে রয়েছেন।

ইসরায়েল কর্র্তৃক ফিলিস্তিনে গণহত্যার বিরোধিতা করে জিল স্টেইন যুদ্ধ বন্ধের বিষয়ে মুসলিম সম্প্রদায়ের কাছে খুব স্পষ্টভাবে তার অবস্থান তুলে ধরেছেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স সংগঠনের ক্যালিফোর্নিয়া রাজ্যের সিইও হুসাম আয়লোশ গত অক্টোবরে এক সাক্ষাৎকারে বলেন, ‘ট্রাম্পকে সুস্পষ্ট অভিবাসীবিরোধী, মুসলিমবিরোধীসহ ইসরায়েলপন্থি হিসেবে দেখা হয়। আর হ্যারিস একটি ধাঁধার মধ্যে অবস্থান করে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি ঠিকই দেখান কিন্তু গাজার বিরুদ্ধে ইসরায়েলের হামলার নিন্দায় চুপচাপ থাকেন। আমরা বিশ্বাস করি, মার্কিন নির্বাচনে মুসলিম ভোটারদের বড় একটি ভূমিকা থাকবে।’

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্সের জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ এক বিবৃতিতে বলেন, ‘গাজায় যুদ্ধের জন্য মার্কিন সমর্থনের বিরোধিতা মুসলিম ভোটারদের পছন্দকে প্রভাবিত করার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে।’ মুসলমানরা মার্কিন জনসংখ্যার এক শতাংশ। সংখ্যার বিচারে খুব বেশি নয়। কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোর জন্য মুসলিম ভোট খুবই গুরুত্বপূর্ণ নির্ধারক ভূমিকা পালন করে। আর এই বছরের মুসলিম ভোটের ক্ষেত্রে একটাই ইস্যু, তা হলো গাজা। মুসলিম আমেরিকানরা তাদের ভোটের শক্তিকে সম্মান করেন। তারা কমলা আর ট্রাম্প উভয় পক্ষের নীতি বিশদভাবে বোঝেন। ঠিকমতো জেনেবুঝেই তারা ভোট দেন।

আনাদুলু এজেন্সি অবলম্বনে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত