যুদ্ধ ও অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘদিনের সংঘাতের জেরে বিশ্বাসে ফাঁটল ধরায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
অভ্যন্তরীণ রাজনীতি এবং যুদ্ধ ইস্যুতে দিন দিন ইসরায়েলের প্রধানমন্ত্রীর অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন গ্যালান্ট। খবর টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইসরায়েলের স্থানীয় সময় সন্ধ্যায় এক রেকর্ড করা বার্তায় নেতানিয়াহু বলেন, আমার ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বিশ্বাস ভেঙে গেছে।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়োভ গ্যালান্টকে লেখা চিঠি তার কাছে পাঠানো হয়েছে, চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টা পরই তার দায়িত্ব শেষ হবে।
চিঠির শেষে নেতানিয়াহু লিখেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য আপনাকে ধন্যবাদ। গ্যালান্টের স্থলাভিষিক্ত হবে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন গিডিয়ান সার।
নেতানিয়াহু পরোক্ষভাবে ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে পরোক্ষভাবে ইসরায়েলি শত্রুদের সহযোগিতার অভিযোগ তুলেছেন।
যদিও নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া কাটজের তেমন কোনো সামরিক অভিজ্ঞতা নেই। তবে পুরো গাজা যুদ্ধের সময় তিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
গ্যালান্টের এই চাকরিচ্যুতি এমন সময়ে ঘটল, যখন আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হচ্ছে। গ্যালান্ট মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সিএনএন লিখেছে, বলা হয়ে থাকে যে, গ্যালান্টের সাথে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের প্রতিদিন কথা হয়।
এদিকে ইয়োভ গ্যালান্ট "বিশ্বস্ত অংশীদার" ছিলেন বলে মন্তব্য করে ইসরায়েলের পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে পেন্টাগন৷
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: কে কত ভোট পেলেন?