টাঙ্গাইলে শিলাবৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষতি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম

টাঙ্গাইলের ধনবাড়ীতে শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) রাত প্রায় ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা দরিচন্দবাড়ী, কেন্দুয়া, মুসুদ্দি, পাইস্কা, নল্যা, ভলিভদ্র, প্যারিআটা, ভাইঘাটসহ উপজেলার বিভিন্ন এলাকায় টানা প্রায় দেড় ঘণ্টার ওপরে অতি ভারী শিলাবৃষ্টি হয়। এতে আমন ধান ছাড়াও বিভিন্ন ধরনের শাকসবজি নষ্ট হয়েছে।
 
বুধবার (৬ অক্টোবর) সকালে উপজেলারবিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে— বেশিরভাগ জমির ধান আধাপাকা। রাতে অসময়ে হঠাৎ শিলাবৃষ্টির কারণে জমির পাকা ও আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে এবং জমির শীষগুলোতে শিলাবৃষ্টি পড়ে ক্ষতি হয়েছে। এসব দেখে দিশেহারা পড়েছেন কৃষকরা।

উপজেলার দরিচন্দবাড়ী গ্রামের কৃষক ওয়াহেজ আলী, আমজাদ হোসেন ও বন্দচরপাড়া গ্রামের কৃষক কামরুল হাসান পলাশ বলেন, শিলাবৃষ্টির কারণে আমাদের জমির আধাপাকা ধান মাটিয়ে নুয়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এমনিতেই কয়েক বছর ধরে ধান চাষে লোকসান। তার মধ্যে শিলাবৃষ্টি। যা ধান পেতাম তার অর্ধেকও এবার ঘরে উঠাতে পারব না। অনেক ক্ষতিগ্রস্ত হলাম।

ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে ব্যাপক শিলাবৃষ্টির কারণে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১ টিপৌরসভার মধ্যে ৪টি ইউনিয়নে বেশি পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। এতে করে অনেক কৃষকের আধাপাকা ধান ও ফসলের ক্ষতি হয়।  উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা করছেন এবং কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত