মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ এএম

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদসহ পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার একযোগে তারা পদত্যাগ করেন। তাদের পদত্যাগপত্র ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে কমিশনের কর্মকর্তা দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির উদ্দেশে দেওয়া পদত্যাগপত্রে কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আপনার সদয় অবগতির জন্য বিনীতভাবে উল্লেখ করছি যে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি আমার পদ থেকে অব্যাহতি প্রাপ্তির উদ্দেশ্যে আজ ৭ নভেম্বর (গতকাল) আমি আমার পদত্যাগপত্র জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ৬ (৪) ধারার বিধান মোতাবেক আপনার কাছে দাখিল করলাম। অনুগ্রহপূর্বক এ পদত্যাগপত্র গ্রহণের বিনীত অনুরোধ করছি।’

পদত্যাগ করা সদস্যরা হলেন, কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সদস্য মো. আমিনুল ইসলাম, সদস্য কংজরী চৌধুরী, সদস্য ড. বিশ্বজিৎ চন্দ এবং সদস্য ড. তানিয়া হক। গত ৮ ডিসেম্বর সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। একই দিন কমিশনের অন্য সদস্যদের নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে প্রজ্ঞাপন দেয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত