আবাসিক হোটেলে মিলল ভারতীয় নাগরিকের মরদেহ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫৩ এএম

রাজধানীর মিরপুরে একটি আবাসিক হোটেলে আকবর আলী মন্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বন্ধুরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আকবর আলী ভারতের মুর্শিদাবাদ ডোমকল থানার কোপরা গ্রামে বাসিন্দা। তার বাবার নাম আমির উদ্দিন মন্ডল। এলাকায় কৃষিকাজ করতেন তিনি।

মৃত আকবর আলী মন্ডলের বাংলাদেশি বন্ধু মাহমুদুর রহমান জানান, আকবর আলীসহ আরও ৬ বন্ধু মিলে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বেড়াতে এসেছেন। মিরপুর ১০ নম্বর সেকশনের নিউ রোজ হ্যাভেন আবাসিক হোটেলের ৩ তলায় একটি কক্ষে ভাড়া উঠেন। রাত সাড়ে ৩টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আকবর আলী। দ্রুত তাকে স্থানীয় অলোক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মিরপুর হার্ট ফাউন্ডেশন ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান।

বন্ধু মাহমুদুর রহমান আরও বলেন, আমার মায়ের চিকিৎসার জন্য ভারতে গেলে সেখানে সকল ধরনের সাহায্য করতেন আকবর। সেই সূত্রে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়। শুক্রবার তার ৬ জন মিলে বাংলাদেশে বেড়াতে আসেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর থানায় অবহিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত