দুর্বৃত্তের আগুনে ইউপি চেয়ারম্যানের কার্যালয় পুড়ে ছাই

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দুর্বৃত্তের দেওয়া আগুনে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান লাকপতির ব্যক্তিগত কার্যালয় পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে ২টার দিকে এ ঘটনা ঘটেছে।

ইউনিয়ন পরিষদের মেম্বারদের সাথে দ্বন্দ্ব ও রাজনৈতিক কারণে কামালপুর মৃর্ধাপাড়া মোড়ে তার কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে বলে ওই চেয়ারম্যান দাবি করেন। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান লাকপতি। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কামালপুর মৃর্ধাপাড়া মোড়ে একটি ব্যক্তিগত কার্যালয় করেন। অফিসের কাজের বাইরে তিনি তার ঠিকাদারী কাজ দেখভাল করার জন্য এই কার্যালয় ব্যবহার করতেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রথম বার এই কার্যালয় ভাঙচুর করা হয়। সর্বশেষ শুক্রবার রাতে ওই চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। এতে করে কার্যালয়ের আসবাবপত্রসহ ঠিকাদারী কাজের মালামাল পুড়ে যায়। আগুনে পুড়ে ১০ থেকে ১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা স্পষ্ট নয়। এই নেক্ক্যারজনক কাজের বিচারের দাবি জানান স্থানীয়রা। 

এ ঘটনার বিষয়ে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, দীর্ঘদিন থেকে স্থানীয় এক ব্যক্তি ও তার পরিষদের কয়েকজন সদস্যের সঙ্গে তার বিরোধ চলে আসছে। এর আগেও তার বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করেছেন। তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। কেউ যদি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে অবশ্যই তা খুঁজে বের করা হবে। এ ব্যাপারে পুলিশের কাজ অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত