কণিকা বন্দ্যোপাধ্যায়ের শতবর্ষ পালন করবে শান্তিনিকেতন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম

রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতের যথার্থ সুর তুলে ধরার মধ্য দিয়ে যে ক’জন শিল্পী তার গানকে গণমানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন তাদেরই একজন কণিকা বন্দ্যোপাধ্যায়। কবিগুরু যার নাম ‘অণিমা’ থেকে কণিকা রেখেছিলেন, যার গানে মুগ্ধ হয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর ডাকতেন ‘আকবরী মোহর’ সেই কণিকা বন্দ্যোপাধ্যায় এখনো সঙ্গীতপ্রেমীদের কাছে অনন্য উজ্জ্বল হয়ে আছেন। গত ১২ অক্টোবর রবীন্দ্রনাথের স্নেহধন্যা সঙ্গীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষ পূর্ণ হল।

সেই উপলক্ষে কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট এবং শতবর্ষ কমিটি চলতি বছর একাধিক অনুষ্ঠান করছে। তারই অংশ হিসেবে রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শান্তিনিকেতনে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে শিল্পীর স্মরণে ‘শতবর্ষ পরে’ শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হবে। বিশ্বভারতী বিনয় ভবন এবং কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে এর আয়োজন করছে।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্বভারতীর উপাচার্য বিনয় কুমার সোরেন। অনুষ্ঠানের প্রথমার্ধে বিনয় ভবনের ছাত্রছাত্রীরা নাচ ও গান পরিবেশন করবেন। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে ‘কণিকাযাপন’। সঙ্গীতে থাকবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, শ্রীকান্ত আচার্য, রঞ্জিনী মুখোপাধ্যায়, মানিনী মুখোপাধ্যায়, ঋতপা ভট্টাচার্য এবং ‘কনিকাধারা’র ছাত্রছাত্রীরা। পাঠে থাকবেন ব্রততী বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র মিত্র।

এ বিষয়ে বিনয় ভবনের অধ্যক্ষ অধ্যাপক সমীরণ মণ্ডল ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, কণিকা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের এবং শান্তিনিকেতন ও বিশ্বভারতীর গর্ব। তার জন্মশতবর্ষ উপলক্ষে এই অনুষ্ঠান করতে পেরে আমরা ধন্য। এ প্রতিষ্ঠানের সঙ্গে তিনি এক সময় নানাভাবে যুক্ত ছিলেন। ফলে আমাদের এই অনুষ্ঠানটি করা কর্তব্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত