মুন্সীগঞ্জের গজারিয়ায় হাজারও অসহায় ও সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন।
শনিবার (১০সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকায় উপজেলার আনারপুরার গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতি ও ইসলামুল হক চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা শিবির ও ছানি অপারেশনের রোগী বাছাই কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয়েছে।
জনকল্যাণ সমিতির সার্বিক উদ্যোগে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুর’-এর চিকিৎসকদের পরিচালনায় রোটারী ক্লাব অব ধানমন্ডির সহযোগিতায় এই কর্মসূচি হাতে নেয়া হয়।
আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, মহাসচিব মফিজুল ইসলাম আলো,সহ সভাপতি মো.এবাদুল্লাহ, যুগ্ম সচিব অ্যাডভোকেট আশরাফুল করিম বাবু,প্রকাশনা সচিব গাজী আলাউদ্দিন,কার্যকরী সদস্য সুপ্রিম কোর্ট কর্মকর্তা মো. মুরাদ হোসাইন, শহিদুজ্জামান মেনন প্রমুখ।
ফ্রি চক্ষু চিকিৎসা শিবির উপলক্ষে এদিন সকাল থেকেই চোখ সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভোগা শত শত নারী, পুরুষ ও বয়স্ক রোগী সেখানে চিকিৎসা নিতে ভিড় জমান, দিনব্যাপী এই শিবিরে বিশেষজ্ঞদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চোখের নানা রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। এছাড়া চোখে ছানি পড়া রোগীদের চিহ্নিত করে তাদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত ও প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করা হয়।
মহাসচিব মফিজুল ইসলাম আলো বলেন,আমাদের সংগঠনের সভাপতি বিচারপতি এএফএম আব্দুর রহমান, প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। গজারিয়া উপজেলার একাধিক কৃতি সন্তানসহ আমরা দীর্ঘ ৪২ বছর যাবৎ এই চক্ষু শিবির পরিচালনা করে আসছি। গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষদের দোড়গোড়ায় উন্নত চক্ষু সেবা পৌঁছে দেওয়া এবং অন্ধত্ব প্রতিরোধ করাই এই ফ্রি শিবিরের প্রধান উদ্দেশ্য। আমাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসা নিতে আসা স্থানীয় রোগীরা জানান, হাতের কাছে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
৭০ বছর বয়সী আছিয়া খাতুন বলেন, স্বামী নাই, ছেলেরা অটোরিকশা চালায়, চোখে কম দেখার কারণে স্থানীয় চক্ষু ডাক্তারকে দেখালে দুই চোখে ছানী অপারেশনের কথা বলেন। তারা বলেন চল্লিশ হাজার টাকা খরচ হবে কিন্তু এত টাকা সন্তান'রা যোগাড় করতে না পারায় অপারেশন করতে পারি নাই। এখানে আসার পর বিনামূল্যে অপারেশন করবে বলে তাঁরা জানিয়েছে।আমি খুব খুশি।
আয়োজক সংগঠনের প্রতিনিধিরা জানান,দুপুর পর্যন্ত ৭০০ জন এই সেবা নিয়েছেন। বিকাল পর্যন্ত হাজার ছাড়িয়ে যাবে সেই সাথে ১০০ জন নারী পুরুষকে ছানী অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।