আইন উপদেষ্টার সঙ্গে উদ্ধত আচরণে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

সুইজারল্যান্ডের জেনেভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে উদ্ধত আচরণ ও ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তুমূলক শাস্তির দাবি জানিয়েছে অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। 

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মো. মোস্তানছির রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। 

এতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের সময় সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক তার সঙ্গে ন্যাক্কারজনক ও উদ্ধত আচরণের ঘটনা ঘটেছে। বিদেশের মাটিতে বাংলাদেশের একজন রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে এমন আচরণ শুধু শিষ্টাচার বিরোধী নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদা, দেশপ্রেম এবং অন্তবর্তীকালীন সরকারের প্রতি চরম অবমাননার শামিল। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এই অসভ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’ 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে এবং এমন অপকর্মের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব মহলকে কার্যকর ভূমিকা রাখার জন্য জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে, এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত