আটলান্টার সঙ্গে আজ কি করবে মেসিরা

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০১:০৩ এএম

সম্প্রতি এক সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেছেন, ইন্টার মায়ামির হয়ে এমএলএস কাপ জিততে চান। মেসি মায়ামি দলের অধিনায়ক, শুধু তিনি নন দলের সবাই শিরোপা জিততে চাইবেন এটাই সাভাবিক। তবে সেই শিরোপা জিততে হলে মায়ামিকে পেরোতে হবে এমএলএস কাপের প্লে-অফ রাউন্ড। তিন ম্যাচের এই সিরিজের প্রথমটি মায়ামি জিতলেও, পরেরটিতে হেরে যায় তারা। আজ মায়ামির মাঠে আবার আটলান্টার সঙ্গে খেলা। এই ম্যাচে জিততেই হবে মেসিদের। 
খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। 

প্রতিপক্ষ আটলান্টা বলেই বাড়তি সতর্ক থাকতে হবে মায়ামিকে। এবার লিগের আটলান্টার সঙ্গে পেরে ওঠেনি মেসিরা। ৩০ মে নিজেদের মাঠেই হেরে যায় মায়ামি। ফিরতি লেগে আটলান্টার মাঠে ২-২ গোলে ড্র করেছিল তারা। 

দুদলের লড়াইটা এমনি। মোট ১৬ দেখায় ৬টি করে ম্যাচ জিতেছে মায়ামি ও আটলান্টা। বাকি চার ম্যাচ ড্র হয়।

মায়ামির হয়ে আগের ম্যাচটিতে ছিলেন না মিডফিল্ডার সার্জিও বুসকেটস। তার অনুপস্থিতিতে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো দলকে খেলিয়েছিলেন ৩-৪-৩ ফরমেশনে। সিরিজের প্রথম ম্যাচে মায়ামি খেলেছিল ৪-৩-৩ ফরমেশনে। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরছেন বুসকেটস এমনই খবর সংবাদ মাধ্যমের। বুসকেটস ফিরলে হয়তো ৪-৩-৩ ফরমেশনেই ফিরবেন মার্তিনো। তবে বুসকেটস ফিরলেও শুরু থেকে খেলবেন কিনা সেটি নিশ্চিত নয়।

প্রশ্ন হলো আজ যদি ম্যাচটি ড্র হয় তবে কি হবে? আসলে ম্যাচ ড্র হওয়ার কোন সম্ভাবনা নেই, নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হলে খেলা গড়াবে টাইব্রেকারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত