রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেনÑ স্বামী জোবায়ের হোসেন বিপুল (২৭) ও স্ত্রী মনিষা আক্তার (১৮)। গতকাল শনিবার দুপুর ১টার দিকে চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকার ৬ তলা একটি বাড়ির তৃতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জোবায়ের পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে। আর মনিষার বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। তার বাবার নাম হোসাইন ব্যাপারী।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাছেদ মিয়া বলেন, দুপুরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে রামপুরার ওই বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, জোবায়ের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া আর স্ত্রী মনিষা জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায়।
তিনি আরও বলেন, গত ২ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে করেন তারা। জোবায়ের মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করেন। বাসাটিতে তারা দুজনই ভাড়া থাকতেন। জোবায়ের কার কাছে কত টাকা পাবে এবং ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশের পিন নম্বর শুক্রবার রাতে তার এক বন্ধুকে ফোনে জানান। শনিবার সকালে মোটর গ্যারেজের এক কর্মচারী তার বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করে। পরে জানালার ফাঁকা দিয়ে দেখতে পায়, স্বামী-স্ত্রী দুজনই গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে থানায় খবর দেয়।
এ বিষয়ে রামপুরা থানার ওসি আতাউর দেশ রূপান্তরকে বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
