চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে। সম্প্রতি এক শিক্ষার্থীর সাথে অশোভন আচরণের পর অন্য শিক্ষার্থীরাও এ বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন।
অভিযোগ করা হচ্ছে, শিক্ষক জাহাঙ্গীর আলম প্রতিনিয়ত শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও করেছেন কেউ কেউ। এমনকি শ্রেণি কক্ষেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রকাশ্যে অশ্লীল কথায় উত্ত্যক্তের অভিযোগ উঠেছে এই শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে গত ৩ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ, অপ্রাসঙ্গিক কথাবার্তা ও খারাপ আচরণ করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তার এসব ব্যবহারের জন্য ছাত্রীরা বিদ্যালয়ে ক্লাস করতে অস্বস্তিবোধ করেন।
অভিযোগের প্রেক্ষিতে গত ৫ নভেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান তদন্তের স্বার্থে অভিযুক্ত শিক্ষক ও অভিযোগকারীদের ১০ নভেম্বর বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য লিখিতভাবে জানান।
এদিকে রবিবার দুপুরে অভিযোগ তদন্তে বিদ্যালয়ে আসেন তদন্ত কমিটি। এ সময় বিদ্যালয়ের বাইরে প্রাক্তন শিক্ষার্থীরা নানা শ্লোগানে ফেস্টুন হাতে নিয়ে অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহসান উদ্দিন আহমেদ জানান, ‘শিক্ষার্থীদের অভিযোগ পেয়ে আমরা বিষয়টি শিক্ষা অফিসারকে জানিয়েছি। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।’
তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন বলেন, আমরা আজ রবিবার তদন্তকাজে বিদ্যালয়ে গিয়েছিলাম। তবে নিরাপত্তার অজুহাতে অভিযুক্ত শিক্ষক উপস্থিত হননি। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, এরই মধ্যে অভিযুক্ত শিক্ষকের সাথেও কথা বলব। এরপর নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেব।
২৭ বছর পর একসঙ্গে আসছেন অজয়-আমির!
শিশু মুনতাহাকে হত্যার বর্ণনা দিলেন গৃহশিক্ষিকা