বগুড়ায় জেলা কারাগারে নাশকতা মামলার আসামি শহিদুল ইসলাম রতন (৬০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে কারাগারে মেডিকেল ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শহিদুল ইসলাম রতন শহরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ জানান, শহিদুল ইসলাম রতন এক মাস আগে নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। আসার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পেয়ে এসেছিলেন। রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। গতকাল সোমবার বিকেলেও তাকে নেবুলাইজার দেওয়া হয়েছিল। পরে রাতে ২টার দিকে মারা যান তিনি।
জেল সুপার বলেন, সকালে তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।
ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি
৭০ ফুট সড়কের ৩৮ ফুটই দোকান দিয়ে দখল