সূত্রাপুরে ১৩ বছর ধরে খাজনা বন্ধ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ এএম

১৩ বছর ধরে পুরান ঢাকার সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, শ্যামপুর, কোতোয়ালি  থানাধীন এলাকার খাজনা বা ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ রয়েছে। এতে জমি হস্তান্তর, জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রি করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। এমনকি পৈতৃক সম্পত্তিতে নামজারি করতে না পারায় স্থাপনার নকশা অনুমোদন করতে পারছেন না তারা।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন পুরান ঢাকার নাগরিক কমিটির নেতারা।

কমিটির সভাপতি শেখ ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন চৌধুরী। এ সময় সূত্রাপুর মৌজার ভূমি অবমুক্ত করা ও আওয়ামী লীগ সরকারের মেয়াদে ভূমি মন্ত্রণালয়ের জারিকৃত অবৈধ পরিপত্র প্রত্যাহার করে আবার খাজনা আদায়ের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে মাহবুবউদ্দিন বলেন, ২০১১ সাল থেকে এ অঞ্চলের খাজনা নেওয়া বন্ধ আছে। যার ফলে ভোগান্তিতে পড়েছে ৩০ লক্ষাধিক মানুষ। খাজনা বন্ধ থাকার ফলে বাবা-মায়ের মৃত্যুর পর ওয়ারিশরা সম্পত্তি ভাগবাটোয়ারা করতে পারছেন না। এমনকি হেবা রেজিস্ট্রিও করতে পারছেন না। ভূমির নামজারি না করা এবং ভূমি উন্নয়ন কর না নেওয়ায় সরকার নিজেও প্রতিবছর শত শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, বিগত সরকারের ভূমি মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে ২০১১ সালে মন্ত্রণালয়ের অধিশাখা-৮ পরিপত্র দ্বারা পুরান ঢাকার সূত্রাপুর মৌজায় খাজনা বন্ধ করার সিদ্ধান্ত নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত