বজ্রপাতের পর ম্যাক্সওয়েল ঝড়ে ছিন্নভিন্ন পাকিস্তান

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতে এসে ধাক্কা খেল পাকিস্তান। ঝড়-বৃষ্টি আর বজ্রপাতে ৭ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তান হেরেছে ২৯ রানে। প্রকৃতির ঝড় থামার পর বাইশ গজে ঝড় তুলেছিলেন গ্লেন ম্যক্সওয়েল। পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জিতে নেন ম্যাচসেরার পুরস্কার।

ব্রিসবেনে টস হেরে অজিদের ব্যাটিংয়ে পাঠানোটাই কি কাল হয়ে দাঁড়াল পাকিস্তানের জন্য? ওভার কর্তনের পর ৭ ওভারে ৪ উইকেটে ৯৩ রান তোলে অস্ট্রেলিয়া। ওভারপ্রতি তারা তুলেছে ১৩ রানেরও বেশি। এর মাঝে ১৯ বলে ৫ চার ৩ ছক্কায় ৪৩ রানের টর্নেডো ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। শেষদিকে মার্কাস স্টয়নিস ৭ বলে অপরাজিত ২১ রানের ইনিংসে বড় অবদান রাখেন।

রান তাড়ায় নেমে পাকিস্তান মুখ থুবড়ে পড়ে। বল হাতে আগুন ঝরাতে থাকেন দুই পেসার জাভিয়ের বার্টলেট আর নাথান এলিস। দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট। লেগ স্পিনে অ্যাডাম জাম্পা নিয়েছেন ২টি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ৮ নম্বরে নামা আব্বাস আফ্রিদি। টপ ও মিডল অর্ডারের প্রথম ছয়জনসহ মোট আট ব্যাটার দুই অংকে যেতে পারেননি! ৭ ওভারে ৯ উইকেটে ৬৪ রান তুলেই ক্ষান্ত হয় পাকিস্তান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত