হবিগঞ্জে রাতের আঁধারে দখল করা খাল নিজ খরচে খনন শুরু করেছে অভিযুক্তরা। এর আগে তারা গত জুলাই মাসে হবিগঞ্জ শহরে কালিগাছতলা নামক এলাকায় রাতের আঁধারে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ১৫ শতক খাল ভরাট করে।
অভিযুক্তরা হলেন- গানিংপার্ক এলাকার বাসিন্দা সুনীল বনিক, সৌরভ বনিক দেব দুলাল চৌধুরী, ও আনোয়ারপুরের জয়নাল আবেদীন।
জানা যায়, খাল ভরাট নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর বাপা হবিগঞ্জের নেতারা বিষয়টি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ে জানায়। গত ২২ অক্টোবর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। এরই পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলা করে।
গত ৬ নভেম্বর সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালকের অফিসে অনুষ্ঠিত শুনানিতে খাল ভরাটের বিষয়টি প্রমাণিত হওয়ায় পরিচালক মো. ফেরদৌস আনোয়ার ভরাটকৃত খাল ১০ কার্যদিবসের মধ্যে পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশ দেন।
এ আদেশের পরই বৃহস্পতিবার বেলা ১২টায় অভিযুক্তরা নিজ দায়িত্বে মাটি তোলার কাজ শুরু করেছেন। এ সময় পরিবেশ বিভাগের ইন্সপেক্টর হরিপদ চন্দ্র দাশ, বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান নিয়ন, সদস্য শোয়েব চৌধুরীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, মাটি তোলা শুরু হওয়ায় খালটিতে পুনরায় পানি প্রবাহিত হবে। ভরাটকৃত মাটি তোলার মধ্য দিয়ে হবিগঞ্জে একটি দৃষ্টান্ত স্থাপিত হল। স্থানীয়দের অভিযোগ সওজের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজশে একটি চক্র মাটি ভরাট করার সুযোগ পাচ্ছে।
গণঅভ্যুত্থানে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন
ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে ১১০৭