গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার দলের কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান ফটকের সামনে বেআইনি কার্যকলাপের অভিযোগ এনেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা।
এ ছাড়া ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে জড়িয়ে অসত্য ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন কার্যালয়। এসব কর্মকা-ের জন্য নুরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বলা হয়, ‘আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুর তার একদল সহযোগী ও বহিরাগত ব্যক্তিদের নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে উসকানিমূলক ও মানহানিকর স্লোগান দিতে দিতে একটি মিছিল নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটক দিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধার মুখে ঢুকতে না পেরে নুরুল হক নুর তার দলীয় কর্মীদের নিয়ে ট্রাইব্যুনালের গেটে সংবাদ সম্মেলন করেন। যেখানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের ভিত্তিহীন, বানোয়াট, অসত্য ও উসকানিমূলক কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশ করেন।
