পেস্ট কন্ট্রোলের বিষে দুই শিশুর মৃত্যু, হাসপাতালে বাবা-মা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম

পেস্ট কন্ট্রোলের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তাদের বাবা-মায়ের অবস্থা সঙ্কটাপন্ন। গত বুধবার ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের কুন্দ্রথুর এলাকায় এ ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়েছিল এক পরিবার। এরপর তার খবর দেন পেস্ট কন্ট্রোলে। পেস্ট কন্ট্রোলের কর্মী এসে ইঁদুর মারার গুঁড়ো বিষ ঘরের কোণায় কোণায় রেখে যান। রাতে জানালা-দরজা বন্ধ করে ঘুমাতে যায় ওই পরিবার। ঘরে চলছিল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি)।  সকালে ওই পরিবারের কারও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ঢুকতেই দেখেন দুই সন্তান-সহ দম্পতি অজ্ঞান হয়ে পড়ে আছে। দ্রুত তাদের চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দম্পতির দুই সন্তানকে মৃত বলে ঘোষণা করেন। 

প্রতিবেদনে হাসপাতালের বরাত দিয়ে জানানো হয়, দম্পতির অবস্থা সঙ্কটজনক। 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘরের ভেতরে খোলা অবস্থায় রাখা ছিল ইঁদুর মারার বিষ। রাতে ওই পরিবার খাবার খেয়ে ঘুমিয়েছিলেন। সঙ্গে দুই শিশুও। এসি চালানোর ফলে ঘরের সব জানলাও বন্ধ ছিল। মনে করা হচ্ছে, সেই গুঁড়ো বিষ ঘরের বাতাসের সঙ্গে মিশে গিয়েছিল। আর সেই বাতাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে। আর তার জেরেই এই ঘটনা। 

তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট বলা যাবে না বলেও জানিয়েছেন তদন্তকারী এক কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত