শেখ হাসিনাসহ খুনীদের বিচার বাংলার মাটিতে করতে হবে: খোকন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘ ১৬ বছর পুলিশের মাধ্যমে অত্যাচার-নির্যাতনে আমাদের দলীয় কার্যক্রম করতে দেয়নি আওয়ামী লীগ। বেগম জিয়াকে ফরমায়েশি রায়ে সাজার পাশাপাশি ৪ লাখ মামলায় ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। জুলাইয়ের ছাত্র-জনতার যৌক্তিক দাবির প্রেক্ষিতেও হত্যাযজ্ঞ চালিয়েছিল হাসিনা। তাই দেশের মানুষ গণহত্যাকারীদের রাজনীতির সুযোগ জনগণ আর দেবে না। জালিম সরকারকে আর কখনও দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না বরং বিচার চায়। তাই শেখ হাসিনাসহ সকল খুনীদের বিচার বাংলার মাটিতে করতে হবে।

আজ শুক্রবার বিকেলে নরসিংদীর গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা মাঠে আয়োজিত চিনিশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের আন্দোলন জুলাই-আগস্টের নয়, বিগত ১৬ বছরের আন্দোলন। আমরা গত ১৬ বছর আন্দোলন করেছি ভোটের অধিকারের দাবিতে। সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম আমরা। ২০১৪ সালে শেখ হাসিনার পতন হতো জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত না করলে। আট বছর ক্ষমতায় থেকেছে জাতীয় পার্টির কারণে। আওয়ামী লীগের দুঃশাসনের ১৬ বছরে সব অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি। তারাই আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছিল।

চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেদ ভুইয়া, যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত