সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাককে একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় আনা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা কারাগার থেকে তাকে মির্জাপুর থানায় আনা হয়। এ খবর পেয়ে রাজ্জাকের ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মির্জাপুর উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এতে অংশ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানা এলাকায় গুলিতে আহত হয়ে মারা যান কলেজছাত্র ইমন। ওই ঘটনায় তার ভাই সুমন ১৯ আগস্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়। রাজ্জাককে ১৪ অক্টোবর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর ১১ নভেম্বর ইমন হত্যা মামলায় মির্জাপুর আমলি আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে কলেজছাত্র ইমন নিহত হয়। এ মামলায় গতকাল সকালে আব্দুর রাজ্জাককে পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে।
এদিকে আব্দুর রাজ্জাককে মির্জাপুর থানায় আনার খবর পেয়ে তার ফাঁসির দাবিতে বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পুরাতন শহীদ মিনার থেকে মিছিল শুরু করে থানার পূর্বপাশে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন, সদস্য সচিব হাবিব সিকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ইমন সিদ্দিকী প্রমুখ।
