বাংলাদেশ এক বছরে গোল করেছে ৩টি, খেয়েছে ১৫টি!

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১২:১৩ পিএম

দেখতে দেখতে বছরের শেষ ম্যাচটি খেলে ফেলল বাংলাদেশ। গতকাল মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে তারা বছর শেষ করেছে। এই ম্যাচের আগে ৭ ম্যাচের ছয়টিতেই হেরেছিল হাভিয়ের কাবরেরার দল! সব মিলে ৮ ম্যাচে গোল করেছে মাত্র ৩টি, যার দুটিই শেষ ম্যাচে। বিপরীতে গোল হজম করতে হয়েছে ১৫টি। তাই মালদ্বীপের মতো নড়বড়ে দলের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই।

বাংলাদেশের বছরের শুরুটা ফিলিস্তিনের কাছে ৫-০ গোলের হার দিয়ে। অসহায় আত্মসমর্পণের চারদিন পর ২৬ মার্চ একই প্রতিপক্ষের সঙ্গে লড়াই করেও হারতে হয়। এরপর নিজেদের উঠোনে অস্ট্রেলিয়াকে গোলৎসব করতে না দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন ফুটবলাররা। কিন্তু পরাজয় এড়ানো যায়নি। এরপর ১১ জুন কাতারে লেবানন ফিরতি দেখায় বাংলাদেশকে বিধ্বস্ত করে ৪-০ গোলে।

লেবাননের কাছে বিধ্বস্ত হয়ে গ্রুপের শেষ দল হিসেবে বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে যায় বাংলাদেশ। এই চার ম্যাচে প্রতিপক্ষের জালের দেখা পাননি বাংলাদেশের ফরোয়ার্ডরা। সেপ্টেম্বরে থিম্পুতে স্বাগতিক ভুটানের সঙ্গে দুই ম্যাচ প্রীতি সিরিজ খেলতে গিয়েছিল কাবরেরার দল। প্রথম ম্যাচের পঞ্চম মিনিটে শেখ মোরসালিন গোল করে দলকে এনে দেন স্বস্তির জয়। সেটাই বাংলাদেশের জন্য বছরের প্রথম গোল।

একই প্রতিপক্ষের বিপক্ষে দুদিন পর আবারও জাল খুঁজে না পাওয়ার ব্যামোতে আক্রান্ত হয় বাংলাদেশ। উল্টো যোগ করা সময়ে গোল হজম করে হারের লজ্জা নিয়ে ফিরতে হয়। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগটাও নষ্ট করেছে তারা কিংস অ্যারেনায় গত বৃহস্পতিবার মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরে। এক বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা মালদ্বীপকে অবশ্য পরের ম্যাচে হারানো গেছে পাপনের শেষ মুহূর্তের গোলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত