বকেয়া বেতন পরিশোধের দাবিতে টানা পঞ্চম দিনের মতো বেক্সিমকো শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করছে। আজ সোমবার সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী মোড় অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন বলে জানান গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
এসআই রফিকুল ইসলাম বলেন, ‘গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা তাদের অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তবে বিকল্প পথ ব্যবহার করায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, বেতন পরিশোধ না করলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। যতদিন টাকা না পাবেন, ততদিন বাসায় ফিরবেন না বলেও দাবি জানান তারা।
বিক্ষোভকারীদের একজন বলেন, ‘আজকে নিয়ে পাঁচদিন ধরে আন্দোলন করছি। আমরা এখনো কর্তৃপক্ষের কাছ থেকে বকেয়া বেতন পাওয়ার কোনো আশ্বাস পাইনি।’
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আজ শ্রমিকেরা খুব বেশি উত্তেজিত হয়ে পড়েছে। বহিরাগত কাউকে দেখলেই মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলছে। পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করছেন।
শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছেন। তাদের মধ্যে পোশাক কারখানার শ্রমিকরা প্রায় সপ্তাহখানেক ধরে সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।
এর আগে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। রাতে অবরোধ তুলে নিলেও আজ সকাল থেকে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
এ বিষয়ে কথা বলতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল
‘হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন’
বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের