মুন্সীগঞ্জের গজারিয়ায় লং হেভিকেলের ধাক্কায় মো. আশরাফুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উশিয়া মানা বে ওয়াটার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আশরাফুল ইসলাম (৪০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে আশরাফুল মোটরসাইকেলযোগে মহাসড়কের চট্টগ্রামগামী লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি লং হেভিকেলের বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আশরাফুল ছিটকে ওই ভেহিকেলের চাকার নিচে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম পান। দুর্ঘটনার পর পরই দ্রুতগতিতে গাড়িটি পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত আশরাফুলকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।