শিবালয়ে বাড়ির পাশ থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম

নিখোঁজ হওয়ার এক দিন পর গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করছে শিবালয় থানা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে ঘাসের জমি থেকে নূরজাহান (৩৫) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্বামী এখলাছ ও প্রতিবেশীরা জানান, সোমবার রাত ৮টার দিকে পরিবারের লোকজনের জন্য খাবার তৈরির একপর্যায়ে নূরজাহান নিখোঁজ হয়। পরে স্বামী এখলাছ তার শ্বশুর বাড়ির লোকজনকে খবর দেন। তারা এসেও খোঁজাখুঁজি করে নূরজাহানের খোঁজ পান না। হঠাৎ করে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপরে বাড়ির পাশে ঘাসের জমিতে গৃহবধূর বাবা ওহাব মিয়া মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে। এ সময় থানার এসআই ওয়াসিম কয়েকজন সংবাদিককে তথ্য সংগ্রহে বাধা ও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। 

এদিকে গৃহবধূ নূরজাহানের সঙ্গে কারও পূর্ব শত্রুতা বা পরকীয়ার সম্পর্ক আছে কিনা জানা যায়নি। ফলে হত্যাকাণ্ডের কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে শিবালয় থানার ওসি (তদন্ত) মো. মজিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ খুঁজতে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত ও সাক্ষ্য সংগ্রহ করা হচ্ছে। এসআই ওয়াসিম হয়তো না বুঝে সংবাকর্মীদের সঙ্গে অসৌজন্য আচরণ করেছে। তাকে সতর্ক করে দেওয়া হবে।  
 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত