চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৪৮২ শিশু বিভিন্ন ঘটনায় নিহত হয়েছে। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছে ২১৭ শিশু। এ ছাড়া জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ১২১ শিশু মারা গেছে। চাইল্ড রাইটস কোয়ালিশন বাংলাদেশ কর্তৃক জাতীয় প্রেস ক্লাবে গতকাল মঙ্গলবার আয়োজিত ‘সাংবাদিকদের সঙ্গে সংলাপ : বাংলাদেশের শিশু অধিকার রক্ষায় অগ্রগতি, প্রত্যাশা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। চাইল্ড রাইটস কোয়ালিশন বাংলাদেশের ১৪টি শিশু অধিকারভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন এবং নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম। এ কোয়ালিশনের সচিবালয় হিসেবে আইন ও সালিশ কেন্দ্র (আসক) নিয়মিতভাবে শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ-সংক্রান্ত তথ্য-উপাত্ত সংরক্ষণ করে। এ ছাড়া কোয়ালিশন নিয়মিতভাবে শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
আসকের তথ্যমতে, এ সময়কালে শারীরিক নির্যাতন, সহিংসতা, ধর্ষণের পর হত্যা, ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা, অপহরণ ও নিখোঁজের পর হত্যাসহ বিভিন্ন কারণে ৪৮২ জন শিশু নিহত হয়। ধর্ষণের শিকার হয় ২১৭ শিশু। ১৫ শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়, ধর্ষণচেষ্টার শিকার হয় ৬১ শিশু। এ ছাড়া যৌন হয়রানির শিকার হয় ৩৪ শিশু। যার মধ্যে শিক্ষক দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে ৮৫ এবং বলাৎকারের শিকার হয়েছে ৩২ ছেলে শিশু। ২০২৩ সালের প্রথম ১০ মাসে বিভিন্ন ঘটনায় শিশু নিহতের সংখ্যা ছিল ৪২১।
