আড়াইহাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক কোটি টাকার ক্ষতি  

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৩:৫২ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) ভোরে গোপালদী বাজারে সিএনজি পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২ ইউনিট ও আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আগুনে সাইদুল টেক্সটাইল, জলিল টেক্সটাইল, আলমগীর টেক্সটাইলের আংশিক, ২টি ওয়ার্কশপ কারখানা যার মালিক রিপন ও ফজলু, সুনিলের আলমারি তৈরির কারখানা, মটর তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে ৫ জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই হাসান মাদবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনের ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ব্যবসায়ীদের দাবি- আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাধবদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. হাদিউল বলেন, বিকট শব্দের মধ্য দিয়ে আগুনের সূত্রপাত ঘটে। এটা গ্যাস না বিদ্যুতের শর্টসার্কিট থেকে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন ও গোপালদী পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত