আরও পেসারদের অধিনায়ক হিসেবে দেখতে চান কামিন্স-বুমরা

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম

ক্রিকেটে অধিনায়ক হিসেবে ব্যাটার বা অলরাউন্ডার তাদেরই প্রাধান্য দেওয়া হয় বেশি। উপমহাদেশে এটি আরও বেশি লক্ষ্য করা যায়। শুক্রবার শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার সিরিজের পার্থ টেস্টে দুই দলেরই অধিনায়ক দুই পেসার।

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক আগে থেকেই প্যাট কামিন্স। রোহিত শর্মা পিতৃত্বকালীন ছুটিতে থাকায় ভারতের নেতৃত্ব দিবেন জাসপ্রিত বুমরা।

নেতৃত্বে পেসারদের দাপট দেখতে চান প্যাট কামিন্স। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, 'এটা দেখে ভালো লাগছে (পেসাররা অধিনায়ক), আরও হওয়া উচিত। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ওদের অধিনায়ক ছিল পেসার টিম সাউদি। ফাস্ট বোলিংয়ের ভক্ত হিসেবে এটা দেখতে ভালো লাগে।'

রোহিতের বদলে সুযোগ পাওয়া বুমরা বলেন, 'আমি সবসময় পেসারদের অধিনায়ক হওয়ার পক্ষে, ট্যাকটিক্যালি ভালো। প্যাট কামিন্স দারুণ করেছে অধিনায়ক হিসেবে। এর আগে কপিল দেবসহ আরও অনেকে ছিলেন রোল মডেল। আশা করছি নতুন সংস্কৃতির শুরু হবে এখন থেকে।' ১৯৮৩ সালে অধিনায়ক হিসেবে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন কপিল দেব।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে পাঁচ টেস্টের এই সিরিজে ৪-০ ব্যবধানে জিততে হবে ভারতকে (অন্য দলের ফলের অপেক্ষা না করলে)।

অবশ্য অস্ট্রেরিয়ার বিপক্ষে শেষ পাঁচ সিরিজের মধ্যে ভারত জিতেছে চারটি। অস্ট্রেলিয়া সবশেষ জিতেছে ২০১৪-১৫ মৌসুমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত