আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ মো. আবুল কাসেম (৩৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার জালাকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৮ রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত মো. আবুল কাসেম গোপালদী পৌরসভার ইসলামপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে। 

সেনাবাহিনীর ৪৫ এম এল আর ক্যাম্প আড়াইহাজারের সূত্রে জানা যায়, উপজেলার জালাকান্দি এলাকায় প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটে থাকে। ডাকাতি রোধে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় যৌথবাহিনী জালাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জালাকান্দি এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতির করার সময় যৌথবাহিনী হাতে-নাতে এক ডাকাতকে আটক করে।

পরে যৌথবাহিনীর সদস্যরা ডাকাত আবুল কাসেম থেকে ২টি বড় দা, ১টি বড় সাবল, ১টি কাটার, বিভিন্ন ধরনের মাদক ও কিছু  বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। যৌথবাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া ডাকাত দলের দুই জনের নাম শনাক্ত করে। তারা হলেন- জালাকান্দি এলাকার আবদুর রহিম, কাঁচপুর এলাকার ইয়াবা ব্যবসায়ী রাসেলসহ অজ্ঞাতনামা আরোও তিন জন।  

এদিকে যৌথবাহিনী ব্যাপক তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে জালাকান্দি রাস্তার পাশে ঝোপ থেকে ১টি বিদেশি পিস্তল উদ্ধার করে। তারা আরও জানায়, ধৃত ডাকাতকে অস্ত্রসহ আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আটককৃত ডাকাতকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি থানা থেকে লুণ্ঠিত বলেও তিনি জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত