চট্টগ্রামে বাণিজ্য উপদেষ্টা

সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৬:২৩ এএম

সরবরাহে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজ অডিটোরিয়ামে সার্বিক বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, চাহিদা ও জোগানে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। উৎপাদন বাড়াতে হবে। আমরা বাণিজ্যে বেশিসংখ্যক মানুষের সংযোগ বাড়াতে চাই। এর মাধ্যমে বাজারে সরবরাহ বাড়বে। গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না।

ব্যবসায়ীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, সনাতন লেনদেনের কাঠামো পরিবর্তন করতে হবে। স্বচ্ছতা আনতে হবে লেনদেনে। কাউকে অপরাধী হিসেবে পরিচিত করা আমাদের উদ্দেশ্য নয়। পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করতে হবে। কোনো অস্বচ্ছতা রেখে বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

খাতুনগঞ্জে ডিও ও এসও বিক্রি হচ্ছে উল্লেখ করে সেখ বশির উদ্দিন বলেন, বাণিজ্য এখন ভার্চুয়ালি হচ্ছে, পণ্য সরবরাহ হচ্ছে না। শুধু ডিও বিক্রি করে লাভবান হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী নেতাদের এটা থেকে বেরিয়ে আসতে হবে। সরবরাহে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আলীম আখতার খান, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং ছাত্র প্রতিনিধি জোবায়েরুল আলম বারী বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত