ছাত্রলীগের দুই সদস্যকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩০ এএম

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে পুলিশে দিয়েছেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এলে তাদের আটক করে নগরের চকবাজার থানা পুলিশে দেন তারা।

ছাত্রলীগের দুই সদস্য হলেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ডিগ্রি পাস কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজিল হাসান ও একই বর্ষের ইসরাত জাহান।

ছাত্রলীগের দুই সদস্যকে পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়ে জানতে চাইলে কিছুই জানেন না বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম। আর উপাধ্যক্ষ বেণু আরা বেগমের দাবি, কলেজ প্রাঙ্গণে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।

চকবাজার থানার ওসি জাহিদুল কবির জানান, আটক দুজনের বিষয়ে তথ্য যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত বুধবার রাত ৩টার দিকে নগরের চান্দগাঁও ফরিদার পাড়া থেকে নাশকতার একটি মামলায় ছাত্রলীগের নগর কমিটির কার্যনির্বাহী সদস্য মো. ইছমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৭ নভেম্বর রাতে নগরের প্রবর্তক মোড়ে ঝটিকা মিছিল করার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের দুই নেতাকর্মী দিদারুল আলম ও মো. সজীবকে গ্রেপ্তার করে পুলিশ।

গৌরনদীর সাবেক মেয়রকে মারধর করে পুলিশে দিল জনতা : বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়াকে বাবুগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাটে স্থানীয়রা তাকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করে জনতা।

জানা যায়, গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়া আত্মগোপনের জন্য বাবুগঞ্জ হয়ে জেলা থেকে বিচ্ছিন্ন হিজলা-মুলাদী উপজেলায় যাচ্ছিলেন। বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাটে ফেরির জন্য গাড়ি থেকে নামলে স্থানীয়রা তাকে চিনে ফেলেন।

এ সময় পরিচয় জানতে চাইলে তিনি অকপটে তার পরিচয় স্বীকার করেন। এরপরই উপস্থিত বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনতা তাকে মারধর করেন।

বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে মীরগঞ্জ এলাকায় স্থানীয়রা সাবেক গৌরনদী পৌর মেয়রকে আটক করেন।

এ সময় বাবুগঞ্জ থানা-পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে তাকে হেফাজতে নেয়। আমরা তাকে গৌরনদী থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। তার বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত