সর্বনিম্ন তাপমাত্রায় শীতের শুরু চায়ের রাজ্যে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম

ধীরে ধীরে কমতে শুরু করেছে চায়ের রাজ্যখ্যাত মৌলভীবাজরের শ্রীমঙ্গলের তাপমাত্রা। চলতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কিছুটা শীত অনুভূত হচ্ছে এখানে। শনিবার (২৩ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

চায়ের রাজ্যজুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় শীত শুরু হয়েছে, সন্ধ্যা নামলেই এখানে শীতের আমেজ নেমে আসছে। শুধু তাই নয়, রাত যত গভীর হয় ঘরের টিনের চালে বা জানালার কার্নিশে শীত তার প্রগাঢ় উপস্থিতির জানায় দেয়।

শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান বলেন, ‘শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এখন থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে তাপমাত্রা। তখন শীত বেশি অনুভূত হবে।

তিনি বলেন, গত বছর নভেম্বরে যে তাপমাত্রা ছিল এ বছরও প্রায় এর কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা চলছে এ অঞ্চলে। গত বছর ২০ নভেম্বরের দিকে তাপমাত্রা একটু বেশি ছিল, এ বছর একটু কম। ১৭ বা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসই ছিল। গত বছর ২৬ নভেম্বর ১৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। এবার তো দেখা যাচ্ছে যে ২৩ তারিখেই ১৪ ডিগ্রিতে নেমে এসেছে। গত বছরের সাথে তুলনা করলে মনে হচ্ছে তাপমাত্রা দ্রুত নামছে এবং আগামী কয়েকদিনে আরও নামবে।

সকালে এবং রাতে শীতের উপলব্ধি বেশি থাকলেও দিনের মধ্যাহ্নভাগে গরম কিছুটা অনুভ‚ত হচ্ছে এ অঞ্চলে। তবে বিকেল এবং সন্ধ্যা আসার সাথে সাথে গরম উধাও হয়ে কুয়াশায় ঢাকা পড়ছে এই প্রত্যন্ত চায়ের জনপদ। সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি শীত শ্রীমঙ্গলেই রেকর্ড করা হয়। প্রকৃতি ও পরিবেশগত কারণে শ্রীমঙ্গলে ঠান্ডা সিলেটের অন্যান্য জায়গার তুলনায় বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত