‘বিগ বস’-এর মঞ্চে কেঁদে ফেললেন ক্যানসার আক্রান্ত হিনা 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম

মারণ রোগ ক্যানসার থাবা বসিয়েছে শরীরে। চলছে কেমোথেরাপি। ক্যানসারের তৃতীয় ধাপ। লড়াই সহজ নয় জেনেও অদম্য মনের জোর হিনা খানের। শরীরে কর্কটরোগ থাবা বসালেও মানসিক শক্তি এতটুকু টলাতে পারেনি তাকে। তাই তো এই অসুস্থ শরীরেও কখনও মার্জার সরণিতে কনে সাজে বাজিমাত করছেন তো আবার কখনও বা বিদেশভ্রমণে গিয়ে জীবনীশক্তির পাঠ দিচ্ছেন অভিনেত্রী।

এসবের মাঝেই সম্প্রতি ফের একবার ‘বিগ বস ১৮’-এর মঞ্চে পৌঁছে গেলেন হিনা। সেখানেই সঞ্চালক সালমান খানের মুখে নিজের ক্যানসারযুদ্ধের কথা শুনে কেঁদেই ফেললেন হিনা খান।

‘বিগ বিস’-এর মঞ্চে যে আরও একবার হিনা খানকে দেখা যাবে, তা আগেভাগেই জানা গিয়েছিল। কেমোর যন্ত্রণার মাঝেই সালমানের সঙ্গে মঞ্চ শেয়ার করে নিলেন তিনি। তবে এবার আর প্রতিযোগী নন, বরং ‘উইকএন্ডে কা বার’ এপিসোডে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন হিনা খান।

মঞ্চে তাকে আহ্বান জানানোর সময়ে ভাইজানকে বলতে শোনা যায়, এবার আমি বাস্তবজীবনের এক যোদ্ধা, হিনা খানকে ডেকে নেব। সেই ডাকে সাড়া দিয়ে মঞ্চে উঠেই অভিনেত্রীকে বলতে শোনা যায় এই রিয়েলিটি শোয়ের প্রতিযোগী হয়ে জীবনের কোন চরম বাস্তবের পাঠ তিনি পেয়েছেন।

হিনা জানালেন ‘বিগ বিস’-এ প্রতিযোগিতাই নাকি তার মানসিক শক্তি বাড়িয়েছে। অভিনেত্রীর মন্তব্য, “দারুণ একটা সফর ছিল। যা আমাকে মনের জোর বাড়াতে সাহায্য করেছে। এমনকী ‘শের খান’ বলে উপাধিও আমি এখান থেকেই পেয়েছি।”

এরপরই ভাইজানের মুখে শোনা যায়, হিনা খানের ক্যানসারযুদ্ধের কথা। তিনি বলেন, “তুমি সব চ্যালেঞ্জের সঙ্গে যুদ্ধ করছ। চিন্তা করো না তুমি, একশো শতাংশ ভালো হয়ে যাবে।” 

সলমন খানের মুখে একথা শুনেই হিনার দু গাল ছাপিয়ে চোখের জল গড়িয়ে পড়ে। পাশেই দাঁড়িয়ে তাকা বলিউড সুপারস্টার অভিনেত্রীকে সান্ত্বনাও দেন।

প্রসঙ্গত, ‘বিগ বস’ সিজন ১১-তে নজর কেড়েছিলেন হিনা খান। তবে সেরার মুকুট তার মাথায় ওঠেনি। সেই মৌসুমে জয়ী হয়েছিলেন শিল্পা শিন্ডে। সেই নস্ট্যালজিয়াকে সঙ্গে নিয়েই এবার ‘বিগ বস’-এর মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হন হিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত