গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের ম্যাকাও পাখিশালা থেকে দুটি গ্রিনউইন ম্যাকাও পাখি চুরি হয়েছে। পাখিশালার নেট কেটে এ দুটি ম্যাকাও পাখি চুরি হয়। তবে চুরি ৪৮ ঘণ্টার মধ্যে একটি উদ্ধার করতে পারলেও অপর পাখিটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
শুক্রবার (২২ নভেম্বর) রাতের কোনো এক সময় ম্যাকাও পাখি দুটি চুরি হয়েছে বলে ধারণা করছে পার্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় শনিবার (২৩ নভেম্বর) পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ করেন।
পার্কসূত্রে জানা গেছে, শনিবার সকালে ম্যাকাও পাখিশালার তত্ত্বাবধায়ক বেষ্টনীর তারের তৈরি নেট কাটা দেখতে পান। এ সময় পাখি গণনা করলে দুটি ম্যাকাও পাখি কম পাওয়া যায়। পরে ঘটনাটি কর্তৃপক্ষকে জানানো হয়।
সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, ম্যাকাও পাখি চুরির খবর জানার পর পার্ক কর্তৃপক্ষ উদ্ধারে জোর তৎপরতা চালানো হয়।
ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক (ওসি) নিগার সুলতানা জানান, উদ্ধার হওয়া পাখিটি গ্রিনউইন ম্যাকাও। দুটি পাখির মূল্য ৮ লাখ টাকা। একটি উদ্ধার হয়েছে। অন্যটিও উদ্ধারে কাজ চলছে।
পার্কের নাম প্রকাশ না করে এক কর্মী জানান, টঙ্গী এলাকা থেকে একটি পাখি উদ্ধার হয়। সেখান থেকে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে পাখি চুরির সঙ্গে জড়িত আরিফ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমিন আক্তার বলেন, টঙ্গী এলাকায় এক ব্যক্তির কাছে পাখিটি ১০ হাজার টাকায় বিক্রি করেছিল চোর চক্র। খবর পেয়ে ওই ক্রেতার কাছ থেকে ম্যাকাও পাখিটিকে উদ্ধার করা হয়। এ প্রজাতির পাখির বাজারমূল্য অনেক বেশি। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না
নভেম্বরের ২৩ দিনে এলো ২০ হাজার ৭১৬ কোটি টাকার রেমিট্যান্স
বিভিন্ন বাহিনীর সাবেকদের নিয়ে রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা