ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরের পানি থেকে উদ্ধার হওয়া সেই মো. কমল মিয়া ওরফে মুমিনুল হাসান কমলের (২৬) মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ। যাতে কমল মিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় মামলার দুই নম্বর আসামি হুমায়ূন কবির ওরফে রাজুকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ২০ নভেম্বর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। নিহত কমলের বাবা মফিজ উদ্দিন বাদী হয়ে রানা মিয়াকে প্রধান ও রাজুকে দুই নম্বর আসামি করে ৭ জনের নামে হত্যা মামলাটি দায়ের করেন। মামলা ও ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আসামি রাজুকে গত রবিবার আনুমানিক বিকেল ৫ টার দিকে ঢাকার গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার দুপুরে রাজুর ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রাজুর বাড়ি উপজেলার জাটিয়া ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে। সেই ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে। রাজু গ্রেপ্তার হলেও মামলার প্রধান আসামি রানা মিয়াকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মামলার প্রধান আসামি রানা মিয়ার বিরুদ্ধে মাদক মামলাসহ আরও ৭টি মামলা রয়েছে।
পরিবারের অভিযোগ, গত (৭ অক্টোবর) বিকেলে মামলার প্রধান আসামি রানা মিয়া কমলকে বাড়ির পাশে ঘাগড়াপাড়া মোড় থেকে ডেকে নিয়ে যায়। পরে রানা মিয়া কমলকে মেরে পাশের একটি পুকুরে ফেলে দেয়। আর রানাই তখন নাটক সাজায় কমল পানিতে পড়ে মারা গেছে এবং কমলের বাড়ির লোকজনদের খবর দেয়। খবর পেয়ে স্বজনরা কমলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করে।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে কমলকে শ্বাসরোধে হত্যার প্রমাণ পাওয়া গেছে। মামলার দুই নম্বর আসামি রাজুর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য মৃত্যুর সময় কমলের নাক-মুখ-কান দিয়ে অনেক রক্তকরণ হয়েছিল। মুখের দুই পাশে ছিল আঘাতের চিহ্ন। নিহত কমল উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। পেশায় ছিলেন একজন পোলট্রি ব্যবসায়ী।
যে কারণে স্বৈরশাসন অকল্যাণকর
আদানি ইস্যুতে উত্তপ্ত ভারতের সংসদ