সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় রাষ্ট্রপক্ষের এক আইনজীবীকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
সারা দেশের সব সাধারণ জনগণকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে হাসনাত বলেন, আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ক্রমাগত চক্রান্ত করেই যাচ্ছে। দয়া করে নিজেরা নিজেরা কোন্দলে জড়িয়ে কুচক্রী এই মহলের হীন ষড়যন্ত্র বাস্তবায়নের পথ তৈরি করে দিয়েন না।
চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে। কোনও নির্দিষ্ট সংগঠন এ হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আপনারা শান্ত থাকুন, সতর্ক থাকুন, ধৈর্য ধরুন।
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম নিহত হয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল।
আইনজীবীকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জামায়াতের
রংপুরবাসী আর কোনো বৈষম্যের শিকার হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ