রাশিয়ায় দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার জন্য ইউক্রেনকে অনুমতির প্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা হামলার হুমকি দিয়েছেন। তবে হুমকি দিলেও পারমাণবিক হামলার তেমন আশঙ্কা নেই বলেই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচ কর্মকর্তা।
তবে দুই ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন, পশ্চিমা দেশগুলোর ওপর চাপ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে নিশানা করে নাশকতা অভিযান বাড়াতে পারে রাশিয়া। খবর ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের।
গত সাত মাসে একাধিক গোয়েন্দা বিশ্লেষণে দেখা গেছে, ইউক্রেনের ওপর থেকে মার্কিন অস্ত্র ব্যবহারে বিধিনিষেধ শিথিলের যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ফলে পারমাণবিক উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি ইউক্রেনকে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর যে অনুমতি দিয়েছেন তার পরও রাশিয়ার দৃষ্টিভঙ্গির কোনও পরিবর্তন হয়নি।
গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার গভীরে হামলা চালাতে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন। এটি দেশটিকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র।
রাশিয়া পারমাণবিক উত্তেজনা বাড়াবে না বলেই মনে করেন মার্কিন গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তার একজন। তার মতে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রতিক্রিয়ায় সামরিক শক্তি জাহির করতে পারে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানোটা সে চেষ্টা থেকেই করা হয়ে থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এর আগে ইউক্রেনকে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলার অনুমতি দেওয়ার বিপক্ষে ছিলেন। হোয়াইট হাউজ, প্রতিরক্ষা দপ্তর ও পররাষ্ট্রবিভাগের কর্মকর্তারা উদ্বিগ্ন ছিলেন যে, এমন পদক্ষেপ রাশিয়াকে উস্কে দিতে পারে এবং এর ফলে মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনায় প্রাণঘাতী হামলা চলতে পারে।
উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৭ মিলিয়ন ডলার চুরি
চলন্ত অ্যাম্বুলেন্সে কিশোরীকে গণধর্ষণ