আ. লীগ অফিসের সামনে গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১০:০৩ পিএম

রাজধানীর পূর্ব রামপুরায় দুর্বৃত্তের গুলিতে আলআমিন (৩৬) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা আহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পূর্ব রামপুরা অগ্নিশিখা গলিতে ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

হাসপাতালে আলআমিনের বন্ধু নাইমুল হাসান সাকিব জানান, আলআমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তার বাসা রামপুরা টিভি ভবনের পেছনে। সন্ধ্যার দিকে তারা কয়েকজন অগ্নিশিখা গলির আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহজাদা, মোল্লা সাকিবসহ কয়েকজন তাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি করে। এতে আলআমিনের ডান কানের পাশে গুলি লাগে। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

হিমেল অভিযোগ করে আরও বলেন, গত ৪/৫ দিন আগে রামপুরা কুঞ্জবন এলাকায় আমাদের কয়েকজনকে মেরে মাথা ফাটিয়ে দেয় শাহজাদা ও তার সঙ্গীরা। পরে আমরা রামপুরা থানায় মামলা করি। এর জের ধরে আজকে আমাদের ওপর গুলি করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রামপুরা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। নাক, কান, গলা বিভাগে তার চিকিৎসা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত