‘আমরা যাই করি রেকর্ড হয়ে যায়’

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম

‘আমরা যাই করি রেকর্ড হয়ে যায়’, হাসতে হাসতেই কথাটা বলছিলেন নিগার সুলতানা জ্যোতি। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষের চেয়ারে বসে তাকে সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছে বহুবার। বেশিরভাগ সময়েই  তাকে উত্তর দিতে হয়েছে কঠিন সব প্রশ্নের, হাসি সেখানে এক বিলাসিতার নাম।

আজ জ্যোতির মুখেও সাফল্যের জ্যোতি, কারণ আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজটা বাংলাদেশের মেয়েরা জিতেছে ২-০ ব্যবধানে আর অধিনায়ক নিজে ম্যাচসেরা। সিরিজের দুটো ম্যাচই বাংলাদেশ গড়েছে দুটো রেকর্ড গড়ে, এমন দিনেই তো হাসতে হয়!

প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ড খুব যে শক্তিশালী তা নয়। মেয়েদের চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে আয়ারল্যান্ডের নারী দল আছে একদম তলানিতে, ২০ ম্যাচ খেলে তাদের জয়ের সংখ্যা মাত্র ৩। আয়ারল্যান্ডের পুরুষ দলটাই এখনো আন্তর্জাতিক ক্রিকেটে পরিণত শক্তি নয়, মেয়েদের ক্রিকেটও সীমাবদ্ধ কয়েকটি পরিবারের মাঝেই।

চলতি বছর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে কোন ওয়ানডে ম্যাচই জেতেনি বাংলাদেশ, ১৬ টি-টোয়েন্টিতে জয় মাত্র ৩টি। হারের পাল্লাই বছরজুড়ে ছিল ভারি, তাই শেষবেলায় এসে টানা দুটো ম্যাচে জিততে পারার স্বস্তি জ্যোতির চোখেমুখে। সেই সঙ্গে দুই ইনিংসে দলের ব্যাটারদের ধারাবাহিকভাবে রান করতে দেখার আনন্দ।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস, ড্রেসিংরুমে ফেরার পথটাও তার দেখানো। ৫০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান করে আয়ারল্যান্ড নারী দল, সর্বোচ্চ ৬৮ রান করেন অ্যামি হান্টার, ৩৭ রান ওরলা প্রেন্ডারগেস্টের আর ৩৩ রান লরা ডেলানির। জবাবে ফারজানা হকের ৫০, শারমিন আক্তারের ৪৩ ও নিগার সুলতানা জ্যোতির ৪০ রানে বাংলাদেশ ৩১ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল নিজেদের সর্বোচ্চ রান করে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতল সর্বোচ্চ রান তাড়া করে। দুটো ম্যাচ, দুটো জয়, দুটো রেকর্ড। জ্যোতি তাই বলতেই পারেন, ‘আমরা যাই করি রেকর্ড হয়ে যায়।’

তৃতীয় ম্যাচে লক্ষ্যটা কি এমন প্রশ্নে জ্যোতির উত্তর, ‘পরের ম্যাচটা জিতে হোয়াইটওয়াশ করতে চাই, আগে কখনো কোন দলকে করা হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত