যার নামে পুরস্কার, তাকেই মনোনয়ন দিল ফিফা!

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম

ফিফা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত নারী ও পুরুষ ফুটবলারদের নাম ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। আলোচনার জন্ম দিয়েছে একটি নাম- মার্তা। ব্রাজিলের কিংবদন্তি এই নারী ফুটবলারকে এবার সেরা গোলের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো, এই পুরস্কারের নামকরণ করা হয়েছে ‘মার্তা অ্যাওয়ার্ড’।

ফিফার সেরা গোলের এই পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ নামে পরিচিত। গত বছর পর্যন্ত নারী ও পুরুষ ফুটবলারদের এই নামেই সেরা গোলের পুরস্কার দেওয়া হতো। তবে এবার মার্তার প্রতি সম্মান দেখিয়ে মেয়েদের বিভাগে পুরস্কারটির নাম পরিবর্তন করেছে ফিফা। নিজের নামে প্রথমবার চালু হওয়া এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মার্তাও।

চলতি বছরের জুনে জ্যামাইকার বিপক্ষে ৪–০ গোলে জেতা প্রীতি ম্যাচে অসাধারণ একটি গোল করেন ব্রাজিলের মার্তা। মাঝ মাঠের কাছাকাছি জায়গায় বল পেয়ে এক খেলোয়াড়কে কাটিয়ে প্রতিপক্ষের বক্সে ঢোকেন। সেখানে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে দারুণ এক শটে বল জালে জড়ান। ম্যাচের পর গোলটি নিয়ে বেশ আলোচনাও হয়েছিল। এই গোলের কারণেই তিনি ‘মার্তা অ্যাওয়ার্ড’এর জন্য বিবেচিত হয়েছেন।

মার্তা ছাড়াও সেরা গোলের পুরস্কারের দৌড়ে আছেন- ডেলফিন কাসকারিনো, মারিনা হেগেরিং, সাকিনা কারচাউই, পাউলিনা ক্রুমবিয়েগেল, নাইনা মাতেজিচ, বেথ মেড, গুসেপ্পিনা মোরাকা, আসিসাত ওশোয়ালা, মায়রা পেলায়ো এবং ট্রিনিটি রোডম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত