“ফিজিক্স এডুকেশন ইন দি সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি লেভেল” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত "মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পদার্থবিদ্যা শিক্ষা" শীর্ষক সেমিনারের উদ্বোধনী সেশন শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পরমাণু শক্তি কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে নিযুক্ত অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. শৌকত আকবর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ কে এম আখতার হোসাইন স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারের উদ্বোধনী সেশন শুরু করেন। অতঃপর সোসাইটির প্রেসিডেন্ট ড. মো. শৌকত আকবর সভাপতির বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় যথাযথ প্রস্তুতি ছাড়া নতুন পাঠ্যক্রম প্রবর্তন এবং এই পরিবর্তনের সম্ভাব্য প্রভাব মূল্যায়ন না করায় নানা সমস্যা দেখা দিয়েছে। আমরা বিশ্বাস করি, “Physics Education in the Secondary and Higher Secondary Levels” সেমিনারটি শিক্ষাক্ষেত্রে বর্তমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্তরে শিক্ষার্থীরা বিজ্ঞানের মৌলিক ধারণা এবং বিশেষত পদার্থবিজ্ঞানের নিয়ম-কানুন শিখে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষা এবং পেশাগত জীবনের ভিত্তি তৈরি করে। ভবিষ্যতের বিজ্ঞানী ও প্রকৌশলী তৈরিতে পদার্থবিজ্ঞান শিক্ষার মান উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম সেমিনারের উদ্বোধনী সেশনে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। তিনি সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনেন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে, এ ক্ষেত্রে শিক্ষক, গবেষক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করা হবে। এ ছাড়া বিদেশে অবস্থানরত অবসরপ্রাপ্ত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের দেশের উন্নয়নে কাজে লাগানোর কার্যক্রম হাতে নিয়েছেন বলেও উল্লেখ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকার ইতিমধ্যে শিক্ষাব্যবস্থার বিভিন্ন স্তরের উন্নয়নে এবং সার্বিক অগ্রগতির বিষয়ে কাজ শুরু করেছে বলে উল্লেখ করেন।

উদ্বোধনী সেশন শেষে অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম সেমিনারের টেকনিক্যাল সেশন এবং প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন। তিনি প্রতিটি সেশনে সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেন। টেকনিক্যাল সেশনে অংশ নেওয়া বক্তাগণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের চ্যালেঞ্জ, বিশেষ করে পাঠ্যপুস্তক রচনার প্রক্রিয়া এবং মান উন্নয়নের উপায় বিষয়ে মূল্যবান মতামত এবং অভিজ্ঞতা তুলে ধরেন। বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, গবেষক এবং সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনাপ্রসূত বিষয়গুলো দেশের ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার দিক নির্দেশনা প্রদান করবে। পদার্থবিজ্ঞানের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের জন্য সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে আজকের আলোচনা দেশের পদার্থবিজ্ঞান শিক্ষার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সেমিনারে আশাবাদ ব্যক্ত করা হয়। সেমিনারে যথাযথ কারিকুলাম অন্তর্ভুক্তকরণ, যোগ্য শিক্ষক নিয়োগ, দক্ষ শিক্ষক তৈরীতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, উচ্চশিক্ষা কার্যক্রম গ্রহণ, সঠিকমানের পাঠ্যপুস্তক প্রনয়ন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো এবং শিক্ষাখাতের বরাদ্দ বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সেমিনারের সুপারিশকৃত বিষয়াদি বর্তমান সরকার বিবেচনা করবেন বলে উল্লেখ করেন।

পরিশেষে অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষ অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সেমিনারে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত