মির্জা ফখরুল

রায়ে প্রমাণিত হলো তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ষড়যন্ত্রমূলক ছিল

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম

একুশে আগস্টের মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামি উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আজ রবিবার (১ ডিসেম্বর) যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশ সময় ৩টা ৩০ মিনিটে ঢাকায় পাঠনো এক বিবৃতিতে বলেন, ‘২১ আগস্ট’র মামলা থেকে তারেক রহমানসহ সকল আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

মির্জা ফখরুল বলেন, বিচারিক আদালতের রায় বাতিল করে রবিবার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করায়, এটাই প্রমাণিত হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল।

বিএনপির মহাসচিব বিবৃতিতে উল্লেখ করেন, ‘তারেক রহমান তার বিরুদ্ধে আনীত ওই মামলার অভিযোগ থেকে আইনানুগভাবে মুক্তি পেতে চেয়েছিলেন বলেই আইনগতভাবে সবকিছু মোকাবিলা করে তিনি উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক এ রায়ের মধ্যদিয়ে আবারও প্রমাণিত হলো তারেক রহমানের বিরুদ্ধে আনীত সকল মামলাই ছিল রাজনৈতিক ষড়যন্ত্রমূলক।

লন্ডনে অবস্থানরত বিএনপির মহাসচিব উচ্চ আদালতের এই রায়ের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।  তেমনি সারা দেশে দলের নেতাকর্মীদেরকেও তিনি শুকরিয়া আদায় করার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত