আইনজীবী আলিফ হত্যায় জড়িতের দ্রুত গ্রেপ্তার চান মেয়র শাহাদাত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পিএম

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তবে এ ঘটনায় নিরীহ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় প্রশাসনকে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। সোমবার (২ ডিসেম্বর) নগরীর আন্দরকিল্লা ওয়ার্ড পরিদর্শনকালে এ দাবি জানান মেয়র।

মেয়র বলেন, কিছুদিন আগে আমাদের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ফ্যসিবাদের দোসররা অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে। খুনিদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।

তিনি বলেন, সন্ত্রাসী যেই হোক সে যদি সিটি কর্পোরেশনের কোনো পরিচ্ছন্ন কর্মকর্তাও হয়ে থাকে তাকেও প্রশাসন গ্রেপ্তার করবে এ ব্যাপারে সিটি কর্পোরেশন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তবে, সিটি কর্পোরেশনের কোনো নিরীহ কর্মকর্তা-কর্মচারী যাতে গ্রেপ্তার না হয় সেটা নজর রাখতে হবে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের যে সমস্ত কর্মচারী দিনরাত পরিশ্রম করে নগরীকে পরিচ্ছন্ন রাখছে তারা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে।

জনগণের সহযোগিতা কামনা করে ডা. শাহাদাত বলেন, আমরা রাত্রে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি। দিনের বেলায় যত্রতত্র ময়লা না ফেলে বিকালে বা সন্ধ্যার পরে ফেললে সিটি কর্পোরেশনের সেবকগণ সেটা সংগ্রহ করে নিয়ে যাবে। সুনির্দিষ্ট সময়ে ময়লা ফেললে আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার করতে সুবিধা হবে।

পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, পরিচ্ছন্ন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা অনুপস্থিত কিংবা কাজের গাফিলতি করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই তারা জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সেবা দিবে। ওয়ার্ড সচিবদের মধ্যে যারা কাজ করছে না বা যাদের বিরুদ্ধে সমস্যা পাওয়া গেছে তাদেরকে গতকাল আদেশ দিয়ে বদলি করেছি। সেখানেও যদি তারা ঠিকমতো দায়িত্ব পালন না করে তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়িত্বে ফাঁকি দিলেই শাস্তি হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত