জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম ভ্যাটমুক্ত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ পিএম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রমকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে ফাউন্ডেশনে যেসব প্রতিষ্ঠান সেবা বা পণ্যের যোগান দেবে, সেক্ষেত্রে কোনো উৎসে ভ্যাট দিতে হবে না। সম্প্রতি সোমবার এনবিআর একটি আদেশ জারি করে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু "জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন" একটি অলাভজনক ও সেবাধর্মী প্রতিষ্ঠান, সেহেতু মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে এনবিআর "জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন" এর সকল কার্যক্রমকে মূল্য সংযাজন কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ফাউন্ডেশনের সকল প্রকার ক্রয়ের ক্ষেত্রে যোগানদার সেবাকে উৎসে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করা হলো, বলা হয়েছে আদেশে।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গত সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের তৃতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা হয়।

সভা থেকে পাওয়া তথ্যানুসারে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে গত ৩০ নভেম্বর পর্যন্ত ১০৭ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ২৪০ টাকা জমা হয়েছে। এর মধ্যে ৩৬৫ জন শহীদ পরিবারকে ১৮ কোটি ২৫ লাখ টাকা এবং ৭৭৫ জন আহতকে ৭ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ১৯০ টাকা দেওয়া হয়েছে সহায়তা হিসেবে। অর্থাৎ, মোট ১১৪০ জনকে ২৬ কোটি ১১ লাখ ৭০ হাজার ১৯০ টাকা বিকাশ ও চেকের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত